সেই তো ভালো
যন্ত্রণার চরম সীমায় পৌঁছে যখন অনুভূতির বিনাশ ঘটে, তখন সেই নিস্পৃহতাই হয়ে ওঠে আত্মার চূড়ান্ত মুক্তি।
সেই তো ভালো
জানো তো, অবন্তী—
কিছু কিছু অদৃশ্য ক্ষত তৈরি হয়;
দিন যায়, মাস যায়,
কখনো কখনো বছরও কেটে যায়—
তবু তাদের চিহ্ন মুছে যায় না।
বরং... গাঢ় থেকে প্রগাঢ় হয়;
অস্পষ্ট হওয়ার বদলে—
আরও স্পষ্ট হয়ে ওঠে।

একটার পর একটা দাগ জমতে থাকে,
ভেতরের ক্ষতগুলোও ততটাই গভীর হয়।
ক্ষতবিক্ষত হয় সেই পুরোনো জায়গাগুলো—
তবু, এটাই হয়তো ভালো।
একটা সময় আসে,
যখন দাগগুলো আর গাঢ় হয় না।
দাগের ওপর আবার দাগ পড়লে—
নতুন করে আর কি দাগ তৈরি হয়?
বোধহয় না।
সেটাই যেন স্বস্তি—
ধীরে ধীরে কমে আসে
নতুন দাগের কালো।

06/04/2026
