খোলা আকাশে যে মুক্তির স্বাদ আছে গো, তুমি বুঝবেনা।

তুমি বার বার জানতে চাও তাইনা,
সুযোগ পেলেই কেনো ঘরে ফেরার জন্য পাগল হই?
হুম, কেনো বলোতো?
ঘরে ফিরলে, নিজের সাথে দেখা হয়ে যায় যে।
ও তুমি বুঝবেনা।
সারাদিন তো শুধু ভেসে ভেসে বেড়াও।
ঘরে ফেরার তাড়া নেই।
খোলা আকাশে যে মুক্তির স্বাদ আছে গো, তুমি বুঝবেনা।
জানি,
তুমিতো মুক্তিই চেয়েছিলে, চেয়েছিলে বহুদূরে চলে যেতে..
জানোতো, আমারও খোলা আকাশ ভালো লাগে।
নদী, ঝর্ণা, পাহাড়ের উপর দিয়ে উড়ে যেতে ইচ্ছে করে,
ঠিক তোমার মতো।
কিন্তু তোমার ঘরে ফেরার কোনো তাড়াই নেই!
আমার আছে।
আমার ফিরতে ভালো লাগে।

পৃথিবীর শেষপ্রান্তে - যেখানে সব কিছু সুন্দর,
যেখানে পাহাড়প্রমাণ ক্যানভাসে রঙের আধিক্য,
যেখানে প্রকৃতি স্বপ্নের মত অবাস্তব,
আর বাস্তবের মত উজ্জ্বল,
যেখানে স্ফটিকের মত স্বচ্ছ জলের গভীরতায় মাছেরা দিনরাত খেলা করে বেড়ায়,
পাখিরা গান গায়, মেঘেরা ভেসে বেড়ায়।
যেখানে ধর্ম নেই, রাজনীতি নেই, মারামারি নেই, হানাহানি নেই,
যেখানে লোভ লালসার চিহ্নমাত্র নেই,
যেখানে বারুদের গন্ধে নিশ্বাস ফুরিয়ে আসেনা,
ফুটফুটে বাচ্চার পচা গলা শরীরের দুর্গন্ধ তাড়িয়ে তাড়িয়ে
উপভোগ করেনা ক্ষুধার্ত শকুনের দল,
যেখানে শহরের ব্যস্ততা নেই,
নেই কোনো হই হট্টগোল,
যেখানে গেলে ফিরে আসার কোনো তাড়া থাকেনা,
সেখানে গিয়েও ফিরে আসবো আমি।
আমার নিজের ঘরে।
কেনো?
কারণ ঘরে ফিরলে আমার নিজের সাথে দেখা হয়ে যায় যে।
ও তুমি বুঝবেনা।
