- আর যখন আমাকে দেখো?
তোমাকে?
যখন তোমাকে দেখি, তখন চোখটা বন্ধ রাখি।
সময় যত এগোয়
আমি পিছিয়ে চলি তার শত সহস্রগুণ গতিতে।
- তারপর?
তারপর একসময় জানোতো, থেমে যাই।
তোমার ভাষা ভাষা মুখ, কি মিষ্টি সে হাসি..
কোনো এক দুঃস্বপ্নের রাত্রে ,
চোখ বোজালেই তোমার দেখা পাই।
একটা.. একটা দুর্বোধ্য স্বপ্ন;
দুর্নিবার আকর্ষণ বলে যখনই
তোমার দিকে এগিয়ে যাচ্ছি,
ততধিক বিকর্ষনে পিছিয়ে যেতে থাকছো তুমি,
দূরে, আরও অনেক দূরে।
সেকি অপ্রতিরোধ্য গতি,
সে বিকর্ষণ আমার চাওয়া-পাওয়া-মোহের আকর্ষণের থেকে
অনেক অনেক বেশি।
- আর যখন আমি হঠাৎ করে কাছে চলে আসি?
যখন ভুল করে হঠাৎ সামনে এসে দাড়াও;
বিশ্বযুদ্ধে হিরোশিমা বিস্ফোরণের সেই তীব্র আলো,
যে আলোর তীব্রতা সেদিন সবাইকে মুহূর্তে অন্ধ করে দিয়েছিল,
ধ্বংস করে দিয়েছিল একটা গোটা বসতি,
সেই অসম্ভব তীব্র আলো
আমার কাল্পনিক পৃথিবীটাকে মুহূর্তে চূর্ণবিচূর্ণ করে দেয়।
- তারপর?
তারপর যখন চোখ খোলে,
দেখি ভোরের মিষ্টি আলো জানালার ফাঁক গলে আমার চোখের উপর এসে পড়েছে,
আর চশমাটা,
চশমাটা চোখেই রয়ে গিয়েছে সারারাত।